Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
মাধবপুরে বিজিবি ও র‍্যাবের পৃথক অভিযানে ১২৩ কেজি গাঁজা জব্দ, আটক ২ – GBTnews Bangla Press "Enter" to skip to content

মাধবপুরে বিজিবি ও র‍্যাবের পৃথক অভিযানে ১২৩ কেজি গাঁজা জব্দ, আটক ২

হবিগঞ্জ, ২০ ফেব্রুয়ারি – হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সীমান্ত এলাকা ও মহাসড়কে পরিচালিত এসব অভিযানে মোট ১২৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা আটক এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ও বৃহস্পতিবার রাতে এই অভিযানগুলো পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীনস্থ তেলিয়াপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

টহলদলটি সীমান্তের প্রায় ৪০০ গজ ভেতরে ভান্ডারুয়া এলাকায় কয়েকজন চোরাকারবারিকে মাথায় বস্তা বহন করে নিয়ে আসতে দেখে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা। ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত গাঁজা আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। অন্যদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর থানার নোয়াপাড়া সুপার মার্কেট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।

এ সময় একটি সন্দেহভাজন সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হন। পরে ওই অটোরিকশায় তল্লাশি চালিয়ে নীল পলিথিন ও খাকি স্কচটেপে মোড়ানো ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের মো. খসরু মিয়ার ছেলে মো. ফারুক মিয়া এবং একই উপজেলার আশুরাইল গ্রামের মৃত হাজী চুনু মিয়ার ছেলে মো. রুক্কু মিয়া। র‍্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর অবস্থানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

এসএএস/ ২০ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.