Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
বেলুচিস্তানে অভিযানে ৪১ সন্ত্রাসী নিহত, দাবি পাকিস্তান সেনাবাহিনীর – GBTnews Bangla Press "Enter" to skip to content

বেলুচিস্তানে অভিযানে ৪১ সন্ত্রাসী নিহত, দাবি পাকিস্তান সেনাবাহিনীর

ইসলামাবাদ, ৩১ জানুয়ারি – পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুটি পৃথক সামরিক অভিযানে অন্তত ৪১ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। নিরাপত্তা বাহিনী ভারত সমর্থিত ‘ফিতনা আল-খারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামক দুটি গোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে।

আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে যে ২৯ জানুয়ারি প্রদেশটির হরনাই জেলার কাছে প্রথম অভিযানটি চালানো হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ‘ফিতনা আল-খারিজ’ গোষ্ঠীর অন্তত ৩০ জন সদস্য নিহত হয় এবং তাদের গোপন আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে পাঞ্জগুর জেলায় পরিচালিত দ্বিতীয় অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। সেখানেও সন্ত্রাসীদের একটি আস্তানা ধ্বংস করা হয় এবং গত ১৫ ডিসেম্বর ওই অঞ্চলে সংঘটিত একটি ব্যাংক ডাকাতির লুট হওয়া অর্থ ও অস্ত্র উদ্ধার করা হয়।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে যে নিহত সন্ত্রাসীরা আগে থেকেই একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। বর্তমানে উভয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে ‘আজম-ই-ইস্তেহকাম’ ভিশনের আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই অভিযান জোরদার করা হয়েছে। তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন যে ২০২৫ সালে দেশজুড়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭৫ হাজারের বেশি অভিযান চালানো হয়েছে এবং এতে প্রায় ২ হাজার ৫৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.