Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব – GBTnews Bangla Press "Enter" to skip to content

আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

ঢাকা, ৩০ নভেম্বর – আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তলব করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে।

আগামী ৮ ডিসেম্বর তাকে সশরীরে উপস্থিত হয়ে ট্রাইব্যুনাল-১ এর সামনে ব্যাখ্যা দিতে হবে।

রবিবার (৩০ নভেম্বর) শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেন।

এ সময় আদালত কঠোর মন্তব্য করে বলেন, আদালত রাষ্ট্রের অংশ এবং ফজলুর রহমানের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়কে ঘিরে একটি টক শোতে তিনি ওই আপত্তিকর মন্তব্য করেছিলেন।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম গত বুধবার ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। অভিযোগে টক শোতে তার বিতর্কিত মন্তব্যের কথা উল্লেখ করা হয়।

ফজলুর রহমান মন্তব্য করেছিলেন, এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হতে পারে না।

তিনি আরও বলেন, এই ট্রাইব্যুনালের বিচার মানি না।

বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে এর আগে গত ২৬ আগস্ট বিএনপি তিন মাসের জন্য ফজলুর রহমানের দলীয় সব পদ স্থগিত করেছিল। যদিও পরে দলটি তাকে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে।

দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করার সময় অভিযোগ আনা হয় তিনি জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন।

গত ২৪ আগস্ট ২০২৫ (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৭/২০২৫) তারিখে ফজলুর রহমানের নামে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তিনি ওই নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বৃদ্ধির আবেদন করেন।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৮/২০২৫) তারিখে ২৪ ঘণ্টার সময় বাড়ানো হয়।

২৬ আগস্ট তিনি যে লিখিত জবাব দিয়েছেন, তা ‘অসন্তোষজনক’ বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে দলীয় সিদ্ধান্তে বলা হয়, ‘তথাপিও, বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনায় নিয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।’

সিদ্ধান্তে আরও উল্লেখ করা হয়, ‘এখন থেকে আপনি টকশো কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং দেশের জনগণের ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।’

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩০ নভেম্বর ২০২৫



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.