Press "Enter" to skip to content

রাজশাহীর আলোচিত সেই মেয়র ঈশ্বরদী থেকে গ্রেপ্তার

রাজশাহী, ০৯ জুলাই – রাজশাহীর আড়ানী পৌরসভার পলাতক পৌর মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে অভিযান চালিয়ে তার ভায়রার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে ঈশ্বরদী থানার পাকশীতে অভিযান চালায়। অভিযানকালে আজ ভোর পাঁচটার দিকে মুক্তার আলীর ভায়রার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে নিয়ে বাঘা থানার আড়ানীতে মেয়রের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে চার বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম গাঁজা, নগদ একলাখ টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে ঈশ্বরদী থানার পাকশীতে অভিযান চালিয়ে আজ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

উল্লেখ্য, গত ৭ জুলাই তার বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য এবং প্রায় এক কোটি টাকা উদ্ধার করেছিল রাজশাহী জেলা পুলিশ। সেসময় পুলিশ পৌর মেয়রের স্ত্রী ও দুই ভাতিজাকে গ্রেপ্তার করে। তখন থেকেই তিনি পলাতক ছিলেন।

সূত্র: আমাদের সময়
এম ইউ/০৯ জুলাই ২০২১

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.