Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
দক্ষিণ সুদানে ভয়াবহ সশস্ত্র হামলায় ১৬৯ জন নিহত, গৃহযুদ্ধের আশঙ্কা জাতিসংঘের – GBTnews Bangla Press "Enter" to skip to content

দক্ষিণ সুদানে ভয়াবহ সশস্ত্র হামলায় ১৬৯ জন নিহত, গৃহযুদ্ধের আশঙ্কা জাতিসংঘের

জুবা, ৩ মার্চ – দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলে এক ভয়াবহ সশস্ত্র হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৬৯ জন নিহত হয়েছেন।

গত রবিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে আবিয়েমনম কাউন্টিতে একদল সশস্ত্র যুবক এই বর্বরোচিত হামলা চালায়। গভীর রাতে মানুষ যখন ঘুমের ঘোরে ছিল, ঠিক তখনই শুরু হয় এই নারকীয় তাণ্ডব। প্রায় চার ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে হামলাকারীরা নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি স্থানীয় ঘরবাড়ি ও বাজারে আগুন ধরিয়ে দেয়।

এই হামলায় নিহতদের তালিকায় রয়েছেন শিশু, নারী, বয়স্ক মানুষসহ স্থানীয় কাউন্টি কমিশনার এবং নির্বাহী পরিচালক। এছাড়া পুলিশ ও আঞ্চলিক বাহিনীর বেশ কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন এবং পরিস্থিতির ভয়াবহতায় নিহতদের দ্রুত গণকবরে দাফন করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের দাবি, হামলাকারীরা পার্শ্ববর্তী ইউনিটি রাজ্য থেকে অনুপ্রবেশ করেছিল এবং তারা বিরোধী রাজনৈতিক গোষ্ঠী এসপিএলএ আইও এর সঙ্গে সম্পৃক্ত। তবে বিরোধী পক্ষ তাৎক্ষণিকভাবে এই অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে।

প্রাণ বাঁচাতে প্রায় এক হাজার সাধারণ মানুষ জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটির কাছাকাছি আশ্রয় নিয়েছেন। সহিংসতার তীব্রতায় আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা এমএসএফ ওই অঞ্চলে তাদের কার্যক্রম স্থগিত করেছে এবং তাদের ২৬ জন কর্মী নিখোঁজ ও একটি স্থাপনায় বিমান হামলার কথা জানিয়েছে।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, ২০১৮ সালের শান্তিচুক্তি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় দক্ষিণ সুদান আবারও বড় ধরনের গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে। ২০১১ সালে স্বাধীন হওয়া এই নবীন দেশটি বর্তমানে চরম রাজনৈতিক অস্থিরতা ও রক্তক্ষয়ী সংঘর্ষে জর্জরিত।

এম ম/ ৩ মার্চ ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.