
অনেকেই প্রতিদিন সকালে বা দিনের বিভিন্ন সময়ে গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করেন। লেবুপানি শরীরের জন্য অত্যন্ত উপকারী হলেও পানির তাপমাত্রা সঠিক না হলে এর পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন খুব বেশি গরম পানিতে লেবুর রস মেশালে এর মধ্যে থাকা ভিটামিন সি দ্রুত কার্যকারিতা হারায়। ফলে পানীয়টি থেকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যগুণ পাওয়া সম্ভব হয় না।
লেবুপানি তৈরির ক্ষেত্রে পানির তাপমাত্রার গুরুত্ব অপরিসীম। খুব বেশি গরম পানির পরিবর্তে হালকা কুসুম গরম পানি ব্যবহার করা যেতে পারে। তবে সবচেয়ে ভালো ফলাফল পেতে স্বাভাবিক তাপমাত্রার পানিতেই লেবুর রস মিশিয়ে নেওয়া শ্রেয়।
ভিটামিন সি তাপের প্রতি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় অতিরিক্ত উত্তাপে এটি ভেঙে যায়। পুষ্টিবিদদের মতে লেবুর খোসাতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা অনেক সময় রসের তুলনায় বেশি হয়। তাই লেবুর রস মেশানোর পর খোসাটিও পানিতে কয়েক মিনিট ভিজিয়ে রাখলে পানীয়টির গুণমান বৃদ্ধি পায়। অন্তত পাঁচ মিনিট পর খোসাটি তুলে নিয়ে পানীয়টি পান করা উচিত। এতে পানীয়ের কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়।
নিয়মিত ও সঠিক উপায়ে লেবুপানি পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এটি দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশেষ করে ঠান্ডা ও কাশি নিরাময় এবং শরীরের ক্ষত সারাতে ভিটামিন সি অত্যন্ত কার্যকর। পাশাপাশি ত্বকের কোলাজেন তৈরিতে এই ভিটামিন বিশেষ ভূমিকা রাখে যা ত্বককে মসৃণ রাখতে এবং বয়সের ছাপ রোধে সহায়ক।
এছাড়া খাবার থেকে আয়রন শোষণেও ভিটামিন সি সাহায্য করে যা শরীরের জন্য অত্যন্ত জরুরি। তবে লেবুপানি পানের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। লেবুর খোসা ভেজানোর কারণে পানীয়টি কিছুটা তিতকুটে হতে পারে। এই স্বাদ পরিবর্তনের জন্য চিনি ব্যবহার করা স্বাস্থ্যকর নয়। এক্ষেত্রে সামান্য মধু মেশানো যেতে পারে।
এছাড়া লেবুপানি হজমে সাহায্য করলেও খালি পেটে পান করলে অনেকের অ্যাসিডিটির সমস্যা হতে পারে। এমন ক্ষেত্রে খাবার খাওয়ার অন্তত ২০ মিনিট পর এটি পান করা ভালো।
দাঁতের সুরক্ষায় লেবুপানি পানের পর ভালোভাবে কুলকুচি করা উচিত কারণ লেবুর অম্লীয় উপাদান দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে। এছাড়া দীর্ঘ সময় ধরে চুমুক দিয়ে না খেয়ে একবারেই পান করে ফেলা ভালো। প্রয়োজনে প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব কাচ বা বাঁশের স্ট্র ব্যবহার করা যেতে পারে।
এনএন/ ২৫ এপ্রিল ২০২৬












Be First to Comment