Press "Enter" to skip to content

ইফতারে শরীর সতেজ রাখতে তৈরি করুন সুস্বাদু কমলার শরবত

ঢাকা, ১৩ মার্চ – পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় শরীর সতেজ ও প্রাণবন্ত করতে এক গ্লাস তাজা কমলার শরবতের জুড়ি নেই। তাজা কমলার রসের হালকা মিষ্টি ও টক স্বাদ নিমিষেই শরীরে প্রশান্তি এনে দেয়। অত্যন্ত অল্প সময়ে এবং খুব সহজেই ইফতারের ঠিক আগ মুহূর্তে তৈরি করা যায় এই পানীয়। স্বাস্থ্যসচেতন বা যারা ওজন কমাতে চান, তারা চিনি ছাড়া সরাসরি কমলার রস পান করতে পারেন।

সুস্বাদু কমলার শরবত তৈরিতে প্রয়োজন হবে পাঁচটি তাজা কমলা, স্বাদ অনুযায়ী চিনি এবং পরিমাণমতো পানি। প্রথমে কমলাগুলো ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর জুসার বা ব্লেন্ডারের সাহায্যে রস বের করে নিতে হবে। এ সময় খেয়াল রাখতে হবে যেন কমলার বীজ কোনোভাবেই রসের সঙ্গে মিশে না যায়, কারণ বীজ ব্লেন্ড হলে শরবত তিতা হয়ে যেতে পারে।

এরপর একটি পাত্রে কমলার রস, স্বাদমতো চিনি, সামান্য লবণ এবং লেবুর রস একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত মিশ্রণটি নাড়তে হবে। এরপর পরিমাণমতো ঠান্ডা পানি মিশিয়ে গ্লাসে ঢেলে নিতে হবে। পরিবেশনের সময় উপরে বরফ কুচি এবং সাজানোর জন্য পুদিনা পাতা বা কমলার টুকরো ব্যবহার করা যেতে পারে।

এস এম/ ১৩ মার্চ ২০২৬



More from স্বাস্থ্যMore posts in স্বাস্থ্য »
Mission News Theme by Compete Themes.