Press "Enter" to skip to content

ফারুকের স্ত্রী-কন্যাও করোনায় আক্রান্ত

ফারহানা, ফারুক ও তুলসীদেশীয় সিনেমার কালজয়ী নায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক সম্প্রতি করোনায় সংক্রমিত হন। এবার জানা গেল, এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান ও মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসী।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ফারুক নিজেই। তবে তিনজনেরই শরীরে আপাতত কোনও উপসর্গ নেই।

ফারুক বলেন, ‘সিঙ্গাপুর থেকে ফেরার পরই আমার সেবা-শুশ্রূষা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল আমার মেয়ে। সারারাত জেগে থাকত। সৃষ্টিকর্তা আমার জন্য এতটা রহমত রেখেছেন আগে বুঝতে পারিনি। তখনই ফারহানার কথায় তুলশীরও করোনা টেস্ট করি। সে পজিটিভ হয়। আমার স্ত্রীও এফেক্টেড হয়েছে। এখন পর্যন্ত আমার ১৭বার করোনা পরীক্ষা হয়েছে। সর্বশেষ আমারও পজিটিভ আসে। তবে ফারহানা ও তুলশীর অবস্থা এখন নরমাল। করোনা নেগেটিভ বলা যাবে না। তবে তাদের অবস্থা বেশ ভালো।’

তিনি জানান, আগামীকাল (২৪ নভেম্বর) তার আবারও করোনা পরীক্ষা করা হবে। যেহেতু কোনও লক্ষণ নেই তাই ফল নেগেটিভ হবে বলে তিনি আশা করছেন।

ফারুকের সঙ্গে হাসপাতালেই থাকছেন তার স্ত্রী। অন্যদিকে, বাসায় আইসোলেশনে আছেন তুলসী। জানা যায়, ৯ নভেম্বর সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন ফারুক। এর পরদিন জ্বর আসে তার। সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, দুই মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকায় ফেরেন ফারুক। সেখানে যাওয়ার আগেও তার নিয়মিত জ্বর আসতো। যার কারণ বের করতে পারেনি দেশের হাসপাতালগুলো। গত ১৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য ফারুককে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করানো হয়। সাত বছর ধরে সিঙ্গাপুরের এ হাসপাতালেই তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন। হাসপাতালটি জানায়, এই বরেণ্য টিবি রোগে আক্রান্ত। সুস্থ হওয়ার পর সম্প্রতি দেশে ফেরেন তিনি।
পাঁচ দশক ধরে চলচ্চিত্রের পর্দায় কাজ করেছেন ফারুক। অভিনয় ছাড়ার পর গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.