
সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় মারা গেছেন জনপ্রিয় ভারতীয় গায়ক জুবিন গার্গ। অথচ তিনি যখন ভারত ছেড়েছিলেন দিব্যি সুস্থ মানুষ। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে যখন গায়কের লাশ গুয়াহাটি বিমানবন্দর এসে পৌঁছায় তখন স্ত্রী গরিমা কান্নায় ভেঙে পড়েন। চোখের পানি ধরে রাখতে পারেননি ভক্তরাও।
জুবিনের স্ত্রী গরিমা রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রয়াত স্বামীর মরদেহ আনতে এ দিন বিমানবন্দরে গিয়েছিলেন। উপস্থিত কারও চোখ তখন শুকনো নয়। ঘনঘন চোখ মুছতে দেখা গেছে গরিমাকেও। তখনও তিনি নিজেকে ধরে রেখেছিলেন।
বিমানবন্দরে কফিনবন্দি স্বামীর দেহ দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি। জুবিনের বুকের উপরে চাদর রাখতে গিয়ে অঝোরে কাঁদতে থাকেন গরিমা। সেই দৃশ্য দেখে নিজেদের সামলাতে পারেননি রানওয়েতে জড়ো হওয়া প্রত্যেকে। পরে কফিনটি ফুল দিয়ে সাজানো অ্যাম্বুলেন্সে করে যাত্রা।
গায়কের দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় তার কাহিলিপারার বাসভবনে। গায়কের ৮৫ বছরের বাবা এবং পরিবার থাকেন সেখানে। পরে দেহ নিয়ে যাওয়া হয় অর্জুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে, যেখানে শনিবার রাত থেকে হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে।
/এটিএম
সুত্রঃ যমুনা টিভি








