
পথ চলার এক বছর অতিক্রম করলো দেশের টেলিভিশন বিনোদন সাংবাদিকদের অন্যতম সংগঠন টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অব বাংলাদেশ (টেজাব)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা হলের আঙিনায় অনুষ্ঠিত বিভিন্ন আয়োজনের মাধ্যমে তাদের প্রথম বর্ষপূর্তির দিনটি পালন করা হয়।
টেজাবের এই বিশেষ দিনে দেশের টেলিভিশন চ্যানেলের বিভিন্ন বিনোদন সাংবাদিকরা পরিবারের সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন। সকাল থেকে শুরু হয়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হয়। সালমান শাহ’র জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রখ্যাত সিনেমা ‘অন্তরে অন্তরে’ পরিবারের সঙ্গে উপভোগ করার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সিনেমাটি প্রেক্ষাগৃহের দর্শকদের মধ্যে আবেগঘন স্মৃতিচারণের সঞ্চার করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন এবং দেশের চলচ্চিত্র ও বিনোদন শিল্পের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাজমুল আলম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় টেজাবের নেতৃবৃন্দ বলেন, বিনোদন সাংবাদিকদের মধ্যে পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার সেতুবন্ধন গড়ে তোলাই সংগঠনের মূল উদ্দেশ্য।
তারা জানিয়ে দেন, টেজাব ভবিষ্যতে চলচ্চিত্র ও বিনোদন সাংবাদিকতায় মান উন্নয়নের লক্ষ্যে আরও কার্যক্রম গ্রহণ করবে। অনুষ্ঠানের শুরুতে টেজাবের সাধারন সম্পাদক বুলবুল আহমেদ জয়, সংগঠনের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন । এসময় তিনি বলেন, টেজাব দেশের টেলিভিশন বিনোদন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও দায়িত্বশীলতা বৃদ্ধিতে একটি অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সংগঠনটি সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং নৈতিক সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
/এআই
সুত্রঃ যমুনা টিভি








