Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ভোটের লড়াইয়ে তারকাদের জয়-পরাজয় – GBTnews Bangla Press "Enter" to skip to content

ভোটের লড়াইয়ে তারকাদের জয়-পরাজয়

ছবি: সংগৃহীত

সংসদ সদস্য হতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিনোদন জগতের বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে জয়ীবেশে ঘরে ফিরেছেন কেউ কেউ, কেউ হেরেছেন।

সদ্য অনুষ্ঠিত নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জয়ী হয়েছেন নৌকার প্রার্থী আসাদুজ্জামান নূর। প্রথমবার নির্বাচনের রেসে অংশ নিয়েই কেল্লাফতে করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তবে নির্বাচনের প্রচারে বেশ চমক দেখালেও প্রথমবারের মতো নির্বাচনে নেমে জয়ের শিকে ছেড়েনি চিত্রনায়িকা মাহিয়া মাহির।

তবে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন তিনবারের এমপি সংগীতশিল্পী মমতাজ বেগম। সংগীতশিল্পী ডলি সায়ন্তনীও প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে হেরেছেন; যদিও ভোট গ্রহণ শেষের আগেই নির্বাচন বর্জন করেন তিনি। হেরেছেন দুই বাংলায় ‘মিরাক্কেল’ তারকা হিসেবে জনপ্রিয় মুখ কমর উদ্দিন আরমান।

আসাদুজ্জামান নূর
নীলফামারী-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে পঞ্চমবারের মতো এমপি হলেন গুণী অভিনেতা আসাদুজ্জামান নূর। এর আগে টানা চারবার সংসদ সদস্য হিসেবে এই আসনে দায়িত্ব পালন করেছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী। নীলফামারী-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৭৯১। তার মধ্যে আসাদুজ্জামান নূর পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট।

ফেরদৌস আহমেদ
ঢাকা-১০ আসনে নৌকার প্রার্থী ছিলেন ঢালিউড নায়ক ফেরদৌস। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৯৩৩। এর মধ্য থেকে ৬৫ হাজার ৯৯৮ ভোট পেয়ে অভিনেতা থেকে ‘নেতা’ হয়েছেন ঢাকাই সিনেমা এই নায়ক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী (আম) শামসুল আলম পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।

মাহিয়া মাহি
প্রচার-প্রচারণায় চমক দেখালেও প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে হেরে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী-১ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে (ট্রাক) নির্বাচন করেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ২১৯। মাহি পেয়েছেন মাত্র ৯ হাজার ৯ ভোট। ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী।

মমতাজ বেগম
মানিকগঞ্জ-২ আসন থেকে চতুর্থবারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন মমতাজ বেগম। এর আগে তিনবার জিতলেও এবার জয়ের মুখ দেখেননি এই কণ্ঠশিল্পী। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ৯৮৯। এর মধ্যে ৭৮ হাজার ২৬৯ ভোট পেয়ে জয়ের খুব কাছে গিয়েছিলেন মমতাজ। তবে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) দেওয়ান জাহিদ আহমেদ টুলু ৮৪ হাজার ৫২৫ ভোট পেলে প্রথমবারের মতো ভোটের মাঠে হার মানতে হয় এই শিল্পীকে।

ডলি সায়ন্তনী
পাবনা-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবিরের কাছে হেরেছেন ডলি সায়ন্তনী। তিনি পেয়েছেন মাত্র ৪ হাজার ৩৮২ ভোট। যদিও ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এই প্রার্থী। ভোটগ্রহণ শুরুর পর সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পেজে লাইভে এসে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিনি।

কমর উদ্দিন আরমান
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৮১ হাজার ৯৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (হাতঘড়ি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ সদস্য জাফর আলম (ট্রাকগাড়ি) পেয়েছেন ৫২ হাজার ৮৯৬ ভোট। এখানে জেতার কোন সুযোগই সৃষ্টি করতে পারেনি ‘মিরাক্কেল’ তারকা কমর উদ্দিন আরমান। নির্বাচনের আগে তিনি বলেছিলেন, আমার এলাকায় এখন পর্যন্ত যারা প্রার্থী হয়েছেন, তারা অনেক সম্মানিত ব্যক্তিত্ব। তাদের প্রতি সম্মান রেখে আমার জনপ্রিয়তা যাচাই করতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন ফরম নিয়েছি।

/এএম  

   

সুত্রঃ যমুনা টিভি

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.