সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন বাংলাদেশের টেলিভিশনের আশির দশকের নন্দিত অভিনেত্রী ও বর্তমান সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।
‘শুভ জন্মদিন আফজাল, তোমার সুখ কামনা করছি। তোমাকে সবসময় ভালোবাসি’
– ফেসবুকে সুবর্ণা মুস্তাফার দেয়া ছবির ক্যাপশন
সেই পোস্টের মন্তব্যের ঘরে শোবিজ আঙিনার অনেকেই জন্মদিনের শুভেচ্ছা বার্তা লিখেছেন। সেই সঙ্গে পোস্টে ছবিটির প্রশংসাও করছেন। ওই পোস্টের মন্তব্যে অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, শুভ জন্মদিন আফজাল ভাই। ছবিটি খুব সুন্দর।
নন্দিত অভিনেতা, নির্মাতা, লেখক ও চিত্রশিল্পী আফজাল হোসেনের জন্মদিন আজ। জীবনের ৬৮ বসন্ত পেরিয়ে ৬৯ বছরে পা রাখলেন এই অভিনেতা। আশির দশকে আফজাল হোসেন হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম। বিশেষ করে হুমায়ূন আহমেদ নির্মিত জনপ্রিয় ধারাবাহিক ‘বহুব্রীহি’ নাটকে অভিনয়ের পর দর্শক মহলে ‘ডাক্তার’ নামে পরিচিতি পান তিনি।
১৯৫৪ সালের ১৯ জুলাই সাতক্ষীরার পারুলিয়ায় জন্ম নেন আফজাল হোসেন। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন। সত্তর দশকের শেষদিকে টেলিভিশন জগতে পদার্পণ করে অভিনয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সিনেমায়ও কম প্রশংসা কুড়াননি দর্শকপ্রিয় এই অভিনেতা।
সুত্রঃ ভোরের কাগজ








