Press "Enter" to skip to content

করোনা পজিটিভ তবুও বাসায় ফিরলেন ফারুক

নায়ক ও সাংসদ ফারুকহাসপাতাল থেকে বাসায় ফিরেছেন দেশীয় সিনেমার কালজয়ী নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। তবে এখনও করোনা পজিটিভই আছেন।
কিন্তু সুস্থ থাকায় চিকিৎসকদের অনুমতি নিয়ে বাসায় ফিরেছেন বলে জানালেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।
গতকাল (২৪ নভেম্বর) রাত ১০টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন তারা।

ফারহানা পাঠান জানান, পর পর দুবার ফারুকের কোভিড-১৯ টেস্ট করা হলেও রেজাল্ট পজিটিভ আসে। কিন্তু তিনি নিজেও অনেক সুস্থবোধ করছেন। তাই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ফারুককে বাসায় আনা হয়েছে।

এদিকে গত ২৩ নভেম্বর আলাপচারিতায় এই অভিনেতা বলেন, ‘আমার মধ্যে করোনার কোনও উপসর্গ নেই। একেবারে ভালো অনুভব করছি। বেশ ভালো আছি। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। আশা করি এর পরের টেস্টে নেগেটিভ রেজাল্ট আসবে।’

উল্লেখ্য, দুই মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকায় ফেরেন ফারুক। সেখানে যাওয়ার আগেও তার নিয়মিত জ্বর আসতো। যার কারণ বের করতে পারেনি দেশের হাসপাতালগুলো। গত ১৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য ফারুককে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সাত বছর ধরে সিঙ্গাপুরের এ হাসপাতালেই তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন। হাসপাতালটি জানায়, এই বরেণ্য টিবি রোগে আক্রান্ত। সুস্থ হওয়ার পর সম্প্রতি দেশে ফেরেন তিনি। এরপরই করোনায় আক্রান্ত হন।
পাঁচ দশক ধরে চলচ্চিত্রের পর্দায় কাজ করেছেন ফারুক। অভিনয় ছাড়ার পর গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

সুত্রঃ বাংলা ট্রিবিউন

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.