Press "Enter" to skip to content

মাশরাফি জুনিয়র: এমন কাজ এখানে আর হয়নি

সিরিজের ‍বিভিন্ন দৃশ্যে শিল্পীরাটিভি নাটকে মাশরাফি! না, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার গল্প নয় এটি। তবে গল্পটা ক্রিকেটকেন্দ্রিক। ছায়া হিসেবে রয়েছেন মাশরাফিও। সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প- এই স্লোগান নিয়ে দীপ্ত টিভিতে আসছে নতুন ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’।
২৮ নভেম্বর থেকে রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে প্রতিদিনের এই বিশেষ ধারাবাহিক।
আহমেদ খান হীরকের গল্পে এই মেগা সিরিয়ালের চিত্রনাট্য করেছেন আসফিদুল হক এবং সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। ললিপপ প্রডাকশনের প্রযোজনায় সাজ্জাদ সুমনের পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, চিত্রলেখা গুহ, লুৎফুর রহমান জর্জ, ফারুক আহমেদ, সাফানা নমনি, অনিন্দ্য, হামিমসহ  অনেকে।
নাটকটির লাইন প্রোডিউসার কিশোর খন্দকার।
কাজটি প্রসঙ্গে সাজ্জাদ সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমন কাজ আমাদের এখানে আগে হয়নি। ফলে বেশ চ্যালেঞ্জিং। বাচ্চাদের দিয়ে অভিনয় করানো, সেটাও কঠিন। তবে সব জেনে বুঝেই কাজটি হাতে নিয়েছি। এরমধ্যে আমরা মাশরাফি বিন মুর্তজার সঙ্গেও যোগাযোগ করেছি। বলেছি, সম্ভব হলে আমাদের টিমের সঙ্গে একটু সময় দিতে। আমরা উৎসাহিত হতাম। বিষয়টি তার জীবনের সঙ্গে জড়িত না হলেও তার নাম বা অনুপ্রেরণাটা তো থাকছে এখানে। তাই এই যোগাযোগ করা। আমার বিশ্বাস, সিরিজটি সম্প্রচার ও শুটিংয়ের একপর্যায়ে তাকে আমরা পাবো।’
এর গল্প প্রসঙ্গে নির্মাতা বর্ণনা করেন এভাবে- মন্ডা ও মণি; দুই ভাইবোন। গ্রামের ভেতর দাপিয়ে বেড়ায় সারাটা দিন। মন্ডা ক্রিকেট খেলে। হতে চায় মাশরাফির মতো। আর তার ছোট বোন মণি ভাইকে উৎসাহ দেয় মাঠের বাইরে থেকে। ছক্কা-চারে ভরিয়ে মন্ডা যখন দল জিতিয়ে ফেরে, বেশি খুশি হয় মণি। স্বপ্ন দেখে, তার ভাই একদিন সত্যি সত্যি অনেক বড় ক্রিকেটার হবে!
সাজ্জাদ সুমনটিভিতে যেমন মাশরাফিদের দেখা যায়, তেমনই দেখা যাবে তার ভাইকেও। এই নিয়ে সারাক্ষণ বিভোর মণি। কিন্তু তেমন কিছু হওয়ার আগে ক্রিকেট নিয়েই চেয়ারম্যানের সঙ্গে কলহে জড়িয়ে পড়ে দুই ভাই বোন। ফাইনাল খেলাকে কেন্দ্র করে মণিদের ঘরে লাগে আগুন, গায়েব হয়ে যায় মন্ডা। কোথায় গেছে মন্ডা? কেউ কি তাকে তুলে নিয়ে গেছে? নাকি ক্রিকেট খেলতে সে চলে গেছে শহরে? ভাইয়ের খোঁজে মণি যখন শহরে এসে পৌঁছায়, তার জীবনে একে একে ঘটতে থাকে চমকপ্রদ সব ঘটনা। ভাইয়ের খোঁজে মাঠে গিয়ে ভাগ্যক্রমে তাকে ধরতে হয় ক্রিকেটের ব্যাট-বল! মণি উড়িয়ে দেয় প্রতিপক্ষের উইকেট। ক্রিকেট যে তার রক্তে!
তাহলে কি ভাইয়ের মতো মণিও ক্রিকেটার হয়ে উঠবে? পারবে কি সে তার ভাইয়ের স্বপ্ন এগিয়ে নিয়ে যেতে? উত্তর মিলবে ‘মাশরাফি জুনিয়র’-এ।

সুত্রঃ বাংলা ট্রিবিউন

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.