Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
গাছ রক্ষা করেই প্রশস্ত হবে মেরিন ড্রাইভ: প্রধানমন্ত্রীর নির্দেশনা – GBTnews Bangla Press "Enter" to skip to content

গাছ রক্ষা করেই প্রশস্ত হবে মেরিন ড্রাইভ: প্রধানমন্ত্রীর নির্দেশনা



ঢাকা, ২৮ এপ্রিল – কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের ক্ষেত্রে কোনো গাছ না কাটার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশের ভারসাম্য রক্ষায় নেওয়া এই সিদ্ধান্তের ফলে প্রায় তিন হাজার গাছ কাটা থেকে রক্ষা পেয়েছে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ। এরই অংশ হিসেবে গত ২১ এপ্রিল সড়ক পরিবহন, সেতু ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ এই সড়কটিকে চার লেনে উন্নীত করার কাজ চলমান রয়েছে। প্রাথমিক নকশায় সড়ক প্রশস্তকরণের জন্য বিপুল সংখ্যক গাছ কাটার পরিকল্পনা থাকলেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। বর্তমান উন্নয়ন কার্যক্রমে পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

শেখ রবিউল আলম জানান, শুধু বিদ্যমান গাছ রক্ষা নয় বরং পুরো মেরিন ড্রাইভ এলাকাকে আরও দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করে তুলতে রাস্তার দুই পাশে নতুন করে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ও ১৭ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। প্রশস্তকরণের পাশাপাশি রেজু খালের ওপর ৩০৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ, রিটেইনিং ওয়াল এবং সিসি ব্লক স্থাপনের কাজও প্রকল্পের অন্তর্ভুক্ত। ২০২৬ সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরিবেশ ও উন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে এই প্রকল্পটি একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএন/ ২৮ এপ্রিল ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.