
জাতীয় প্যারেড গ্রাউন্ড, ২৩ মার্চ – দীর্ঘ দেড় যুগ পর আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ আবারও ফিরতে চলেছে।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য এই আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অংশগ্রহণে দেশের প্রতিরক্ষা সক্ষমতা স্থল ও আকাশে প্রদর্শন করা হবে। আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে এরই মধ্যে কয়েক দফা মহড়ার মাধ্যমে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এবারের বর্ণাঢ্য কুচকাওয়াজে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সালাম গ্রহণ করবেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই কুচকাওয়াজের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাহিনীগুলোর সার্বিক প্রস্তুতি ও সক্ষমতা দেশবাসীর সামনে তুলে ধরা হবে।
নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক এই প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন। মূল কুচকাওয়াজ শুরু হবে ঘোড়ায় চড়ে প্যারেড কমান্ডারের প্রবেশের মধ্য দিয়ে। প্যারেডে সশস্ত্র বাহিনী ছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেবেন।
এবারের আয়োজনে সাজোয়া, আর্টিলারি, সিগন্যালস, ইস্ট বেঙ্গল, এয়ার ডিফেন্স, সার্ভিসেস, প্যারা কমান্ডো, নৌবাহিনী এবং আধুনিকায়নকৃত ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট অংশগ্রহণ করবে। আকাশপথে জাতীয় পতাকা নিয়ে অবতরণ করবেন প্যারাট্রুপাররা। একইসঙ্গে বিমান বাহিনীর দৃষ্টিনন্দন বিভিন্ন কৌশলগত প্রদর্শনীও উপভোগ করা যাবে।
পরিশেষে মিগ ২৯ যুদ্ধবিমান রাষ্ট্রপতিকে সালাম জানানোর মাধ্যমে এই মনোজ্ঞ প্রদর্শনীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবে। দীর্ঘ সময় পর ফিরে আসা এই ঐতিহ্যবাহী কুচকাওয়াজ স্বাধীনতা দিবসের সার্বিক আয়োজনকে আরও বর্ণিল এবং তাৎপর্যপূর্ণ করে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ এম/ ২৩ মার্চ ২০২৬










