Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সময় লাগলেও ভবিষ্যতে এনসিপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী – GBTnews Bangla Press "Enter" to skip to content

সময় লাগলেও ভবিষ্যতে এনসিপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – সময় লাগলেও আগামীতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধানমন্ডি আবাহনী মাঠে আয়োজিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ইফতার মাহফিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীসহ আগত অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের স্বাগত জানান।

অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ বলেন, এনসিপি মাত্র এক বছরে রাজনৈতিক অঙ্গনে অনেকটা পথ পাড়ি দিতে সক্ষম হয়েছে। রাজনীতিতে নির্বাচনি সমঝোতা ও জোটের মাধ্যমে তারা বাংলাদেশের জাতীয় সংসদে ছয়টি আসন নিশ্চিত করেছে।

তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে এই আসন সংখ্যা বৃদ্ধি পাবে এবং একদিন দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ করবে। তবে তিনি স্মরণ করিয়ে দেন যে সবকিছুর জন্য সময়ের প্রয়োজন এবং রাতারাতি বড় কোনো পরিবর্তন সম্ভব নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, এনসিপির রাজনৈতিক যাত্রা শুরুর পর থেকে তিনি আশাবাদী ছিলেন যে রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ এই ক্ষেত্রকে আরও মর্যাদাপূর্ণ ও বেগবান করবে। তারুণ্যের শক্তি ও চাহিদাকে ধারণ করে দেশটি এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।

রাজনীতির কণ্টকাকীর্ণ পথে উত্থান পতনকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা এই উত্থান পতন মেনে নিতে পারেননি, তারা রাজনীতিতে টিকে থাকতে পারেননি। বর্তমান ও আগামী প্রজন্ম এমন রাজনীতি চায় যেখানে জনগণের চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়।

রাজনীতির মাঠে এনসিপি কোনো সাইনবোর্ড সর্বস্ব দল নয় উল্লেখ করে তিনি বলেন, দলটি সত্যিকার অর্থে দেশের মানুষের প্রতিনিধিত্ব করছে এবং জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করছে।

জাতীয় স্বার্থে সবাইকে এক থাকার বিষয়ে গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক মতভেদ ও বিতর্ক থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জাতীয় সংসদকে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।

এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.