Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
রমজানে বইমেলার দ্বিতীয় দিন: পাঠক খরা ও স্টল নির্মাণের ব্যস্ততা – GBTnews Bangla Press "Enter" to skip to content

রমজানে বইমেলার দ্বিতীয় দিন: পাঠক খরা ও স্টল নির্মাণের ব্যস্ততা

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – রমজানের আবহে শুরু হওয়া অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনেও কাঙ্ক্ষিত পাঠক সমাগম দেখা যায়নি। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও মেলা প্রাঙ্গণ ছিল অনেকটাই ক্রেতাশূন্য। উল্টো অনেক স্টলে বইয়ের বদলে এখনো শোনা যাচ্ছে হাতুড়ি ও করাতের শব্দ। নির্মাণকাজ পুরোপুরি শেষ না হওয়ায় অনেক প্রকাশনী তাদের প্রদর্শনী শুরু করতে পারেনি, ফলে মেলার পূর্ণাঙ্গ রূপ পেতে পাঠকদের আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

শুক্রবার দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ ঘুরে এমন চিত্রই চোখে পড়ে।

সরেজমিনে দেখা যায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশের প্রবেশপথ দিয়ে খুব কম সংখ্যক দর্শনার্থী প্রবেশ করছেন। সেখানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করলেও ভিড় নেই।

টিএসসির পাশের গেট দিয়ে কিছু দর্শনার্থী প্রবেশ করলেও ভেতরে আনসার সদস্যদের অলস সময় পার করতে দেখা যায়।

বাংলা একাডেমির তথ্যকেন্দ্রেও কর্মীদের উপস্থিতি ছিল না। তবে একাডেমির প্যাভিলিয়নে দু একজন পাঠকের দেখা মিলেছে। মেলার ভেতরের অংশে এখনো অনেক স্টল তৈরির কাজ চলছে। শ্রমিকরা কাঠ কাটছেন ও ফ্রেম তৈরি করছেন। যদিও অধিকাংশ স্টল নির্মাণ শেষ করে বই সাজাতে পেরেছে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পাশের খাবারের দোকানগুলোর প্রস্তুতি এখনো অসম্পূর্ণ।

কর্মীদের মতে, পুরো মেলার নির্মাণকাজ শেষ হতে আরও ৫ থেকে ৭ দিন সময় লাগতে পারে। সোহরাওয়ার্দী উদ্যান অংশে অধিকাংশ স্টল ফাঁকা থাকলেও জনপ্রিয় প্রকাশনীগুলোর সামনে কিছু পাঠক ও দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা গেছে। পাঠকরা নতুন বই নেড়েচেড়ে দেখছেন এবং কেউ কেউ কিনছেন।

প্রকাশনা সংস্থার কর্মীরা জানান, রমজান মাস হওয়ায় দিনের বেলা মানুষ কম আসছে। ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছর মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৪৬৮টি প্রতিষ্ঠান রয়েছে। মোট ইউনিট সংখ্যা ১ হাজার ১৮টি। মেলার বিন্যাসে মেট্রোরেল স্টেশনের কারণে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং বের হওয়ার পথ মন্দির গেটের কাছে সরানো হয়েছে। টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্লান্ট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে মোট চারটি প্রবেশ ও বের হওয়ার পথ রাখা হয়েছে।

এছাড়া রমজান উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে তারাবি নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মূল মঞ্চে সেমিনার এবং এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। ছুটির দিন ছাড়া মেলা চলবে বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত।

এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.