Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
নতুন সরকারের সামনে রমজানের বাজার ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ – GBTnews Bangla Press "Enter" to skip to content

নতুন সরকারের সামনে রমজানের বাজার ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই নতুন সরকারকে নাগরিক জীবনের সবচেয়ে সংবেদনশীল বিষয় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নিয়ে পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। বাজারে বিদ্যমান সিন্ডিকেট ভাঙা এবং দামের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন তাদের জন্য তাৎক্ষণিক ও বড় চ্যালেঞ্জ।

দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর গতকাল মঙ্গলবার সরকার গঠন করেছে দলটি। ঠিক এই সময়েই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। সরকারি সূত্র বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগাম প্রস্তুতি হিসেবে গত বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি ভোগ্যপণ্য আমদানি করা হয়েছে। চিনি, ভোজ্যতেল, ছোলা, ডাল ও খেজুরের মতো পণ্যের মজুদ নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে বাস্তব অভিজ্ঞতা বলছে, প্রতিবছর পর্যাপ্ত মজুদের ঘোষণার পরও বাজারে তার প্রতিফলন সবসময় স্পষ্ট থাকে না।

নিম্ন আয়ের মানুষের চাপ কমাতে সরকারি বিপণন সংস্থা টিসিবির কার্যক্রম বাড়ানো হচ্ছে এবং খোলাবাজারে ট্রাক সেলের সংখ্যা প্রায় দ্বিগুণ করার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কৃষি পণ্যের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী ও সরবরাহ চেইনের অস্বচ্ছতা বড় ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, সরকার যদি শুরু থেকেই বাজার ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেয় এবং সমন্বিত কাঠামো গড়ে তোলে তবে ইতিবাচক ফল মিলবে। বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, সরকারি ও বেসরকারি মিলিয়ে পর্যাপ্ত মজুদ রয়েছে এবং বন্দর থেকে দ্রুত খালাস নিশ্চিত করা হয়েছে।

এদিকে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। বেগুনের কেজি ৬০ টাকা থেকে বেড়ে ৯০ থেকে ১২০ টাকায় এবং কাঁচা মরিচ ১৬০ টাকা থেকে বেড়ে ২০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। রাজধানীর জোয়ারসাহারা বাজারের বিক্রেতারা জানান, ইফতারের প্রয়োজনীয় পণ্যগুলোর দাম গত দুই দিনে উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্লেষকদের মতে, নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বাজারে সিন্ডিকেট ভাঙা এবং ব্যবসায়ীদের জবাবদিহির আওতায় আনা।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.