Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
বগুড়ায় কড়া নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু – GBTnews Bangla Press "Enter" to skip to content

বগুড়ায় কড়া নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

বগুড়া, ১২ ফেব্রুয়ারি – দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বগুড়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। ভোট শুরুর পর থেকে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সরেজমিনে সকালে বগুড়া শহরের বালিকা সিটি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, নির্ধারিত সময়ের আগে থেকেই ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন। নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে চলছে।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, বগুড়ার ৭টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন, নারী ভোটার ১৫ লাখ ১ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪২ জন। নির্বাচনে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২টি উপজেলায় ৯৮৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে, যার মধ্যে ৫,১৪৮টি স্থায়ী ও ৩৩০টি অস্থায়ী ভোটকক্ষ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ৫০০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও জামায়াতে ইসলামী, জেএসডি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাসদের প্রার্থীরা লড়ছেন। বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না এবং বিএনপির মীর শাহে আলমের মধ্যে লড়াই হচ্ছে। জেলার প্রতিটি আসনে বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের প্রার্থীরা নির্বাচনী মাঠে রয়েছেন। তবে বগুড়া-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন বদ্ধপরিকর। প্রতিটি কেন্দ্রে স্বচ্ছতা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে ২,৫০০-এর বেশি পুলিশ, ১২,৫০০ আনসার ও ভিডিপি সদস্য। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৪ প্লাটুন বিজিবি এবং দেড় হাজারেরও বেশি সেনা সদস্য টহল দিচ্ছেন। ভোটাররা যাতে নির্বিঘ্ন ও নিরাপদে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.