Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
মারা গেলেন প্রেমের টানে খুলনায় আসা সেই অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী ম্যালকম – GBTnews Bangla Press "Enter" to skip to content

মারা গেলেন প্রেমের টানে খুলনায় আসা সেই অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী ম্যালকম

খুলনা, ২৪ জানুয়ারি – প্রেমের টানে ২১ বছর আগে খুলনায় আসা অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী ম্যালকম আরনল্ড (৭৬) মারা গেছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৬টার দিকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় মাদ্রাসা সড়কের একটি ভাড়া বাসায় মারা যান তিনি।

ম্যালকমের স্ত্রী হালিমা বেগম জানান, মঙ্গলবার রাতের খাবার ও ওষুধ খেয়ে ম্যালকম ঘুমিয়ে পড়েন। পরে অসুস্থতাবোধ করলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হালিমা বেগম বলেন, খুব ভালো মনের মানুষ ছিলেন তিনি। আমার জন্য ইসলাম ধর্মও গ্রহণ করেছিলেন। অস্ট্রেলিয়ায় তার পরিবার রয়েছে। আমি তাকে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কথা বললেও ম্যালকম বলত, তুমি ছাড়া আমার খেয়াল কেউ রাখতে পারবে না। আমি এ দেশেই থাকব। এমনকি মারা গেলেও এই দেশের মাটিতে আমাকে কবর দিও।

হালিমা বেগম আরও বলেন, আমি অস্ট্রেলিয়ায় তার আগের স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে বাংলাদেশে তাকে দাফন করলে সমস্যা নেই।

হালিমা জানান, প্রথম স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর তিনি মোংলায় ওয়ার্ল্ড ভিশনে মাঠকর্মী হিসেবে কাজ করতেন। ২০০১ সালে ম্যালকম একটি বই লেখার কাজে মোংলায় আসলে তার সঙ্গে পরিচয় হয়। হালিমার বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালি গ্রামে। ম্যালকম তাকে বিয়ের প্রস্তাব দিয়ে পরে ইসলাম ধর্ম গ্রহণ করে ২০০৪ সালের ৮ ফেব্রুয়ারি তাকে বিয়ে করেন।

বিভিন্ন শারীরিক জটিলতার কারণে ২০২২ সাল থেকে ম্যালকম কোনো কাজ করতে পারতেন না। তার আগের আঁকা ছবিও কেউ কিনতে আসত না। সেজন্য চরম অর্থকষ্টে ছিলেন গত ২ বছর। বিভিন্ন লোকজন তাদের আর্থিকভাবে সহযোগিতা করত বলেও জানান হালিমা।

নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, ম্যালকমের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই। একইসঙ্গে দূতাবাসে চিঠি পাঠাই। সেখান থেকে অনুমতি পাওয়ার বিষয়টি বিকেল সাড়ে ৪টার দিকে হালিমা বেগমকে জানানো হয়েছে।

সূত্র: কালবেলা
আইএ/ ২৪ জানুয়ারি ২০২৪

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.