Press "Enter" to skip to content

নির্বাচন: একযোগে ৪৭ ইউএনও বদলি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশ ও প্রশাসনে ধারবাহিক বদলির অংশ হিসেবে প্রাথমিকভাবে আট বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হয়েছে। এর মধ্যে ১৩ জন ইউএনও ঢাকা বিভাগ থেকে বদলি হচ্ছেন।

সোমবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন ৮টি বিভাগের প্রথম পর্যায়ে ৪৭ জন উপজেলা নির্বাহী অফিসারদের প্রস্তাবিত কর্মস্থলে বদলির সম্মতির জন্য অনুরোধ করা হলো। এই ৮ বিভাগের প্রথম পর্যায়ে ৪৭ জন ইউএনও বদলির বিষয়ে নির্বাচন কমিশন সম্মতি দিয়েছেন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ২৭০ জন ইউএনও এক বছরের বেশি এবং ৩২০ জন ওসি ছয় মাসের বেশি বর্তমান কর্মস্থলে থাকতে পারেন বলে তারা মনে করছেন। এখন ৪৭ জন ইউএনওর তালিকা এসেছে। কমিশন তাদের বদলির বিষয়ে সম্মতি দিয়েছে। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

এর আগে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে সব থানার ওসি এবং সব ইউএনওকে বদলির নির্দেশনা দিয়ে প্রস্তাব পাঠাতে বলে নির্বাচন কমিশন।

রোববার (৩ ডিসেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ প্রসঙ্গে বলেছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবিত হতে পারে ভেবে নির্বাচন কমিশন ওসিদের রদবদলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওসিরা যথারীতি বদলি হবেন।

/এএম

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.