Press "Enter" to skip to content

বোরো চারা রোপণে ব্যস্ত জয়পুরহাটের কৃষকরা

জয়পুরহাট, ৬ জানুয়ারি, ২০২১ (বাসস) : প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটের কৃষকরা । আগাম জাতের আলু তোলার পরেই শুরু করেছেন বোরো ধানের চারা রোপণের কাজ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, চলতি ২০২০-২০২১ রবি ফসল চাষ মৌসুমে ৬৯ হাজার ৪ শ ২৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ৬৫ হাজার ৬ শ ৭৫ হেক্টর ও হাইব্রিড জাতের রয়েছে ৩ হাজার ৭শ ৫০ হেক্টর জমি। ইতোমধ্যে ১৫ হাজার হেক্টর জমিতে বোরো চারা রোপণ সম্পন্ন হয়েছে। এবার জেলায় বোরো চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ১ হাজার ১৫৩ মে.টন। জেলায় চাষ হওয়া উল্লেখযোগ্য বোরো ধানের জাত গুলোর মধ্যে রয়েছে বিআর- ১৬, ২৮, বিআর-২৯ ও ব্রি-ধান ৫০, ৫৮ ও ৫৯ জাত। কৃষকদের মাঝে উন্নত জাতের বোরো বীজ সরবরাহ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। নিজস্ব বিক্রয় কেন্দ্র সহ জেলার ১ শ ১৪ জন বীজ ডিলারের মাধ্যম ২শ ৭ মেট্রিক টন বীজ বিক্রি করা হয়েছে। বোরো চাষ সফল করতে জেলার কৃষকরা ৩ হাজার ৪২৩ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করেছেন। কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বোরো চাষ সফল করতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স ম মেফতাহুল বারি। জয়পুরহাটের কৃষকরা আলু তোলার সঙ্গে সঙ্গে জমি প্রস্তুত করেই বোরো চারা রোপণের কাজও শুরু করে থাকেন বলেও জানান তিনি।
জেলায় বোরো ধান চাষ সফল করতে স্থানীয় কৃষি বিভাগ সারের চাহিদা নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে ইউরিয়া ১৮ হাজার ৭শ ২০ মে. টন, টিএসপি ১৪ হাজার ৪শ মে. টন, এমওপি ৯ হাজার ৫শ ৭৬ মে. টন, জিপসাম ৯ হাজার মে. টন ও জিংক সার ৭শ ৯২ মে. টন। স্থানীয় ব্যাংক বিশেষ করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বোরোসহ অন্যান্য শীতকালীন ফসল চাষে কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণের ব্যাপক উদ্যোগ নিয়েছে।

সুত্রঃ বাসস

More from কৃষিMore posts in কৃষি »
Mission News Theme by Compete Themes.