
ঠাকুরগাঁও,২৬ অক্টোবর-ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। নিরাপত্তার কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে।
সোমবার সকালে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।
এ সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্য মোতায়েন এবং নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এস এম/ ২৬ অক্টোবর ২০২৬










Be First to Comment