
গোবিপ্রবি: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস)। একইসঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৪ এপ্রিল) সংগঠনের সভাপতি মো. রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাঈম আশরাফ খান এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার সামনে ও থানা চত্বরে ডুজার সদস্যদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হামলা চালায়। এতে অন্তত ১৬ জন সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে রয়েছেন ডুজার সভাপতি মানজুর হোসেন মাহি, সাধারণ সম্পাদক লিটন ইসলাম, শামসুদ্দৌজা নবাব, মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, হারুন ইসলাম, আসাদুজ্জামান খান ও নাইমুর রহমান ইমন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ছাত্রদলের কিছু নেতা-কর্মী প্রথমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়, তাদের ভিডিও ধারণে নিষেধাজ্ঞা আরোপ করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে। এরপর তারা সংঘবদ্ধভাবে আক্রমণ চালিয়ে সাংবাদিকদের ওপর শারীরিকভাবে চড়াও হয়। এই ধরনের আচরণ কেবল আইন বিরোধীই নয়, বরং এটি একটি সংগঠিত সন্ত্রাসী মানসিকতার বহিঃপ্রকাশ, যা গণতান্ত্রিক পরিবেশকে ভীতসন্ত্রস্ত করে তোলার অপচেষ্টা।’
গোবিপ্রবি সাংবাদিক সমিতি বিবৃতিতে অবিলম্বে জড়িত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। পাশাপাশি ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়।
সুত্রঃ সারাবাংলা.নেট









Be First to Comment