Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
যুক্তরাষ্ট্রে ভারতীয় স্বামীর গুলিতে স্ত্রীসহ ৪ জন নিহত, অল্পের জন্য প্রাণে বাঁচল ৩ শিশু – GBTnews Bangla Press "Enter" to skip to content

যুক্তরাষ্ট্রে ভারতীয় স্বামীর গুলিতে স্ত্রীসহ ৪ জন নিহত, অল্পের জন্য প্রাণে বাঁচল ৩ শিশু

ওয়াশিংটন, ২৪ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পারিবারিক কলহের জেরে এক ভারতীয় স্বামীর গুলিতে স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। ঘটনার সময় বাড়ির ভেতরে থাকা তিনটি শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) জর্জিয়ার লরেন্সভিল শহরের একটি বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

আটলান্টায় ভারতীয় কনস্যুলেট জেনারেল গুলিবর্ষণের ঘটনায় শোক প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কনস্যুলেট অফিস জানায়, পারিবারিক কলহের জেরে ঘটে যাওয়া এই মর্মান্তিক গুলির ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। ওই ঘটনায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং শোকাহত পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে কনস্যুলেট অফিস।

স্থানীয় সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ব্যক্তি বিজয় কুমার (৫১)। তিনি আটলান্টার বাসিন্দা। গুইনেট কাউন্টি পুলিশের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন কুমারের স্ত্রী ভারতীয় নাগরিক মীমু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর হামলা, চারজনকে নৃশংসভাবে হত্যা, শিশুদের বিরুদ্ধে একটি প্রথম ডিগ্রির নিষ্ঠুরতা এবং দুটি তৃতীয় ডিগ্রির নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত প্রায় আড়াইটার দিকে ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়ি থেকে পুলিশ জরুরি ফোনকল পায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চারজন প্রাপ্তবয়স্কের মরদেহ উদ্ধার করে, যাদের প্রত্যেকের শরীরে গুলির চিহ্ন ছিল।

পুলিশ জানায়, গুলির সময় বাড়ির ভেতরে কুমারের ১২ বছর বয়সী সন্তানসহ মোট তিনটি শিশু ছিল। প্রাণ বাঁচাতে তারা একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। শিশুদের মধ্যে একজন সাহস করে ৯১১ নম্বরে ফোন করে ঘটনার কথা জানায়। ওই ফোনকলের কারণেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে। পরে শিশুদের পরিবারের এক সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.