Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
মাহফুজ মিশুর বই ‘ঢাকা টকস’ – GBTnews Bangla Press "Enter" to skip to content

মাহফুজ মিশুর বই ‘ঢাকা টকস’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশুর বই ‘ঢাকা টকস: ডিপ্লোম্যাটস অ্যান্ড মাহফুজ মিশু’। যমুনা টেলিভিশনের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘চলতে চলতে’ থেকে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সাক্ষাৎকার সংকলিত হয়েছে বইটিতে।

সাক্ষাৎকার পাওয়া যাবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি, চীনের সাবেক রাষ্ট্রদূত লি জিমিং, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি, ভারতের সাবেক হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীসহ প্রমুখের।

বইটিতে আরও সাক্ষাৎকার দিয়েছেন– বাংলাদেশে জাতিসংঘের সাবেক আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, জাপানের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকি, তুরস্কের সাবেক রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান, অস্ট্রেলিয়ার সাবেক হাইকমিশনার গ্রেগ উইলককসহ আরও অনেকে। সাক্ষাৎকারের পূর্বে কূটনীতিকদের পরিচিতিও দেয়া হয়েছে।

সাংবাদিকতার পথে দীর্ঘসময় হাঁটাহাঁটি করে সুনাম অর্জন করেছেন মাহফুজ মিশু। গণমাধ্যমকর্মী হিসেবে কাজের খাতিরে নানা সময়ে কূটনীতিকদের কাছে যেতে হয়েছে। নিতে হয়েছে গুরুত্বপূর্ণ মানুষজনের সাক্ষাৎকার। সেসব সাক্ষাৎকারই এক মলাটে বন্দি হলো এবার। মোট ১৪ জনের সাক্ষাৎকার নিয়ে ইংরেজি ভাষায় প্রকাশিত হলো ‘ঢাকা টকস: ডিপ্লোম্যাটস অ্যান্ড মাহফুজ মিশু’।

মাহফুজ মিশু বলেন, গত দশ-পনেরো বছরে বাংলাদেশের রাজনীতিতে কূটনীতির গুরুত্ব দৃশ্যমান হয়েছে, আগেও ছিল; তবে এটা এখন অনেক বেশি দৃশ্যমান। সাম্প্রতিক সময়ে পিটার হাস অথবা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত যেখানেই যাচ্ছেন, সেটা ভিন্ন এক দ্যোতনা তৈরি করছে। অর্থাৎ তাদের অংশগ্রহণ এখন অনেক বেশি দৃশ্যমান। পাশাপাশি, বাংলাদেশের রাজনীতিতে এবার বেশ সরব হতে দেখা গেছে সব পক্ষের কূটনীতিকদের।

বইটির বিষয়বস্তু প্রসঙ্গে মাহফুজ মিশু বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি-অর্থনীতি, বাংলাদেশের অর্জন-চ্যালেঞ্জ এবং সেই জায়গায় বিদেশিদের ভূমিকার প্রেক্ষাপট বোঝার জন্য বইটা সহায়ক ভূমিকা পালন করবে। এটিকে একটি ‘একাডেমিক রেফারেন্স’ বলা যেতে পারে। পাঠকের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

১৬০ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ এঁকেছেন আনিসুজ্জামান সোহেল। বইটির মুখবন্ধ লিখেছেন পররাষ্ট্র সচিব (সিনিয়র) মাসুদ বিন মোমেন। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। পাওয়া যাবে মেলায়, নিমফিয়া পাবলিকেশনের ১২৯-১৩০ নম্বর স্টলে।

এর আগে, ২০২৩ সালে প্রকাশিত হয় মাহফুজ মিশুর ‘চলতে চলতে গুণীজনের সাথে’। সেটিও ছিল সাক্ষাৎকারমূলক বই।

/এএম  

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.