Press "Enter" to skip to content

১০ ডিসেম্বর সমাবেশ করতে চেয়ে আ. লীগের চিঠি

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ উদ্দেশ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় বরাবর চিঠি দিয়েছে দলটি।

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত একটি চিঠি গণমাধ্যমের কাছে আসে।

চিঠিতে জানানো হয়, মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এ সমাবেশ আয়োজন করবে বলে জানিয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

৭ জানুয়ারি ভোটের দিন ধার্য করে তফসিল ঘোষণার পর ঢাকায় এটিই হবে আওয়ামী লীগের প্রথম সমাবেশ। ভোট বর্জন করে বিএনপি ও সমমনা দলগুলো এক দফা আন্দোলনের অংশ হিসেবে হরতাল ও অবরোধ করছে। আর আওয়ামী লীগ ও তার শরিকসহ জাতীয় পার্টি ও অন্য দলগুলো নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।

এর আগে, রোববার সকালে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের সাথে এক বৈঠক শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো রাজনৈতিক দল সমাবেশ করতে চাইলে ইসির অনুমতি লাগবে। তিনি বলেন, আওয়ামী লীগের ডাকা ১০ ডিসেম্বরের সমাবেশের বিষয়ে আচরণবিধি অনুযায়ী সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

/এএম

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.