Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
প্রেমিকার টিকটক আইডি উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল প্রেমিকের – GBTnews Bangla Press "Enter" to skip to content

প্রেমিকার টিকটক আইডি উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল প্রেমিকের

নরসিংদী, ১৯ মে – নরসিংদীর মনোহরদীতে প্রেমিকার টিকটক আইডি উদ্ধারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত সাবেক প্রেমিক শরিফ মিয়া (২১) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার চন্দনপুর গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। নিহত শরিফ চালাকচর ইউনিয়নের বাঘবের গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মাধুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পড়ুয়া এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শরিফের। সে বিদেশে চলে যাওয়ার পর চন্দনবাড়ী ইউনিয়নের চন্দনপুর গ্রামের আতিকুল ইসলামের ছেলে শাকিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় মেয়েটি। শাকিল তার প্রেমিকার টিকটক আইডির পাসওয়ার্ড জানত। এ কারণে প্রেমিকার টিকটক আইডিতে বিভিন্ন ধরনের আপত্তির ভিডিও আপলোড দিত সে। এ নিয়ে শাকিল ও প্রবাসফেরত শরিফের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়।

শরিফ গত মঙ্গলবার বিকেলে উপজেলার চন্দনপুর গ্রামে শাকিলকে টিকটক আইডিতে আপত্তিকর ভিডিও না ছাড়তে নিষেধ করে আইডির পাসওয়ার্ড চায়। শাকিল তা দিতে অস্বীকার করে এবং ছুরি দিয়ে শরিফকে এলোপাতাড়ি কোপাতে থাকে। শরিফ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে শরিফের মৃত্যু হয়।

নিহতের বাবা মফিজ উদ্দিন বলেন, ‘ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। খুনিদের ছুরির আঘাতে সব শেষ হয়ে গেল। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই।’

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ফরিদ উদ্দিন বলেন, ঘটনার পর নিহতের চাচা মহিউদ্দিন বাদী হয়ে শাকিলকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টা মামলা করেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সূত্র: আমাদের সময়
এম ইউ/১৯ মে ২০২৩

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.