Press "Enter" to skip to content

ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ায় ৫ বছর কারাদণ্ড

রাজশাহী, ২০ ফেব্রুয়ারি – সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর পোস্ট দেওয়ায় পৃথক দুটি ধারায় এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম তৌফিক সিদ্দিক তরফদার ওরফে তড়িৎ তরফদার (৫২)। নওগাঁ সদর উপজেলার চকদেব ডাক্তারপাড়া গ্রামে তার বাড়ি। বাবার নাম মৃত আবদুর রহমান তরফদার।

একই গ্রামের এক নারী (৫৫) ২০১৯ সালের ৭ আগস্ট তৌফিক সিদ্দিকের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছিলেন।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে তৌফিক সিদ্দিকের বিরুদ্ধে ওই মামলা হয়েছিল। মামলার বিচার চলাকালে আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এতে অভিযোগ প্রমাণিত হয়।

তিনি জানান, এ কারণে একটি ধারায় আদালত আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড। অন্য আরেকটি ধারায় আদালত আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার এ অর্থ অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে।

ইসমত আরা আরও জানান, আদালত বলেছেন একটি সাজা শেষ হলে অন্যটি কার্যকর হবে। আর ভুক্তভোগী পাবেন জরিমানার অর্থ। এ রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২০ ফেব্রুয়ারি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.